আন্তর্জািতিক ডেস্ক:
বিশ্বখ্যাত সংবাদমাধ্যম ‘পলিটিকো’ ও ‘টেলিগ্রাফ’-এর মালিকানা প্রতিষ্ঠান এক্সেল স্প্রিঞ্জারের প্রধান নির্বাহী ম্যাথিয়াস ডফনারের এক নির্দেশনাকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির সাংবাদিকদের ইসরায়েলকে সমর্থন করতে হবে, নইলে পদত্যাগ করতে হবে—এমন অবস্থান নেন, যা সম্পাদকীয় স্বাধীনতার জন্য হুমকি বলে অভিযোগ উঠেছে।
গত সোমবার পলিটিকোর সাংবাদিকদের সঙ্গে বৈঠকে ডফনার বলেন, ইসরায়েল সমর্থন তাদের প্রতিষ্ঠানের অন্যতম মূল নীতি। এর প্রতিবাদে সাংবাদিকরা নবনিযুক্ত সম্পাদক জোনাথন গ্রিনবার্গের কাছে চিঠি দিয়ে অভিযোগ করেন, এ ধরনের রাজনৈতিক অবস্থান সংবাদমাধ্যমের নিরপেক্ষতা ক্ষুণ্ন করছে।
সম্প্রতি ডেইলি টেলিগ্রাফ অধিগ্রহণের অনুমোদন পাওয়ার পর এই বিতর্ক আরও তীব্র হয়েছে। সাংবাদিকদের আশঙ্কা, ঊর্ধ্বতন পর্যায়ের এই চাপ ইসরায়েল-গাজা যুদ্ধের কাভারেজকে একপাক্ষিক করে তুলতে পারে।
ডফনার তার অবস্থানে অনড় থেকে বলেন, ইসরায়েল সমর্থন তাদের মূল মূল্যবোধের অংশ। তবে সমালোচকরা মনে করছেন, এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।