সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ড মাঞ্জিল হায়দার

নিজ সংবাদ:

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেফতার করা হয়। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় ইতোমধ্যে তাকে একাধিক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।

সর্বশেষ, রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই দফায় ৯ দিনের রিমান্ড শেষে আবার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করলে আসামিপক্ষ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা গত বছরের ১২ সেপ্টেম্বর রমনা এলাকায় মিছিল করে সরকারবিরোধী স্লোগান দেন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।