দাম বাড়তেই বাজারে ফিরল সয়াবিন তেল, ভোক্তাদের মনে প্রশ্ন

নিজ সংবাদ:

কয়েক মাস ধরে চলা সয়াবিন তেলের সংকট হঠাৎ করেই কমতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দাম বাড়ানোর ঘোষণার পরই বোতলজাত ও খোলা—দুই ধরনের সয়াবিন তেল বাজারে আবার সহজলভ্য হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বনশ্রীর মেরাদিয়া বাজারসহ আশপাশের এলাকায় দোকানগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ দেখা যায়। দোকানিরা জানান, এতদিন সরবরাহ না থাকায় তারা নন-ব্র্যান্ডের তেল বিক্রি করছিলেন। তবে দাম বাড়ার পর থেকেই বিভিন্ন ব্র্যান্ডের তেল আবার আসতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, তারা নিজেরা তেল মজুত করে রাখেননি; বরং বড় সরবরাহকারীদের কাছ থেকেই সংকট তৈরি হয়েছিল। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর পরই বাজারে তেল ছাড়া হয়েছে।

একজন ক্রেতা জানান, ঈদের পর থেকে তেল পাওয়া যাচ্ছিল না, কিন্তু দাম বাড়ার পর এক রাতেই বাজার ভরে গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এদিকে সুপারশপগুলোতেও এখন সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, সরকার সম্প্রতি প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে।