নিজ সংবাদ:
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমি ও তার সহযাত্রীরা। রিকশায় মাইকে ভাষণ প্রচারের সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদসহ একদল শিক্ষার্থী এতে বাধা দেন।
একপর্যায়ে ইমিসহ তিনজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় এবং পরদিন সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়, তারা মসজিদের সামনে লাউডস্পিকারে উসকানিমূলক স্লোগান দেয় এবং পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। তবে সর্বশেষ হাইকোর্টের আদেশে ইমির জামিন মঞ্জুর হওয়ায় এ মামলায় নতুন মোড় তৈরি হয়েছে।