নিজ সংবাদ:
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী সোমবার (৯ মার্চ) রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ জুলাই শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৪ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে ১১ সেপ্টেম্বর সকল আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
গত ১৪ অক্টোবর পলাতক ২৫৬ জন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ১১ নভেম্বর মামলাটি সিএমএম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। গত ২১ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ অভিযোগ গঠনের আংশিক শুনানি অনুষ্ঠিত হয়। গত ২৩ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত-৯ থেকে মামলাটি বর্তমান আদালতে বদলি করা হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর আয়োজিত জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। ওই সভায় শেখ হাসিনা তার বক্তব্যে দেশবিরোধী ও রাষ্ট্রদ্রোহীমূলক উক্তি করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
আদালতের আদেশ অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল অভিযোগ গঠনের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। মামলাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।