আনতর্জাতিক ডেস্ক:
হিজবুল্লাহ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ মোজতবা খামেনির নির্বাচনকে উষ্ণ স্বাগত জানিয়েছে এবং তার প্রতি পূর্ণ আনুগত্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে লেবাননভিত্তিক এই শিয়া সশস্ত্র গোষ্ঠী বলেছে, “আমরা হিজবুল্লাহ এই বরকতময় পদে আসীন হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই। আমরা এই পথের প্রতি আমাদের অটুট আনুগত্য এবং অবিচল থাকার প্রতিশ্রুতি নতুন করে ঘোষণা করছি।”
এই ঘোষণা এসেছে ইরানের পূর্ববর্তী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর। হিজবুল্লাহ তার পূর্বসূরির মৃত্যুর প্রতিক্রিয়ায় এক সপ্তাহ আগে ইসরায়েলের ওপর বড় ধরনের হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে।
বিবৃতিতে হিজবুল্লাহ আরও জোর দিয়ে বলেছে, তারা ইরানের ইসলামি বিপ্লবের পথ ও প্রতিরোধের আদর্শের প্রতি অটল থাকবে। মোজতবা খামেনির নেতৃত্বে ইরানের সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এই ঘোষণা ইরান-হিজবুল্লাহ অক্ষের ঐক্যকে আরও শক্তিশালী করার বার্তা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে বর্তমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে।