কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

নিজ সংবাদ:

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ ২০২৬) পৃথক সময়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল ও খুলনা নৌবাহিনীর ডুবুরি টিমের যৌথ অভিযানে তাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

নিহত দুই শিশু হলো—তায়েবা (৭) ও সুরাইয়া (৮)। তায়েবা ওসমানপুর গ্রামের ফারুকের মেয়ে এবং সুরাইয়া একই গ্রামের সোহেলের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে ওসমানপুর গ্রামের খেয়াঘাটের কাছে নদীতীরে খেলার পর চার বান্ধবী গড়াই নদীতে গোসল করতে নামে। সাঁতরে নদীর মাঝামাঝি অংশে যাওয়ার সময় প্রবল স্রোতে চারজনই তলিয়ে যায়। কাছাকাছি একটি নৌকার মাঝি দ্রুত এসে দুই শিশুকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু তায়েবা ও সুরাইয়া নদীর গভীরে তলিয়ে যায়।

দুর্ঘটনার পর খোকসা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ৮-১০ ঘণ্টা অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি। পরে খুলনা নৌবাহিনীর ডুবুরি টিম যৌথ অভিযানে নামে। রোববার সকাল থেকে শুরু হওয়া অনুসন্ধানের এক পর্যায়ে নদীর গভীরে আটকে থাকা দুই শিশুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আলতাফ হোসেন জানান, নদীতে প্রবল স্রোতের কারণে দুই শিশু গভীরে আটকে ছিল। খুলনার ডুবুরি টিমের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদীতে গোসলের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।