আন্তর্জাতিক ডেস্ক:
রাজধানীর গুলিস্তানে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবশেষে ভারত থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই তাদের প্রতিবেদনে জানায়, ফয়সালকে সহকারী আলমগীর হোসেনসহ সীমান্তঘেঁষা এলাকায় বিশেষ অভিযানে আটক করে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অভিযানে দুই দেশের গোয়েন্দা সংস্থার সমন্বয় ছিল বলে ভারতীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।
ফয়সাল করিম মাসুদকে হাদি হত্যা মামলার মূল শ্যুটার এবং পরিকল্পনা বাস্তবায়নের নেপথ্য নায়ক হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ। হত্যাকাণ্ডের পরপরই তিনি বাংলাদেশ থেকে পালিয়ে প্রতিবেশী ভারতে আশ্রয় নেন বলে তদন্ত সংস্থার দাবি। দীর্ঘদিন পলাতক থাকার পর তার অবস্থান শনাক্ত করতে ইন্টারপোলের সহায়তায় ট্র্যাকিং ও তথ্য আদান–প্রদান চলে দুই দেশের মধ্যে। শেষ পর্যন্ত ভারতীয় পুলিশ তাকে আটক করে হেফাজতে নেয়।
ফয়সালের সঙ্গে গ্রেপ্তার হওয়া আলমগীর হোসেনকে হত্যাকাণ্ডে সহায়তাকারী হিসেবে চিহ্নিত করেছে তদন্ত সংস্থা। প্রাথমিক তথ্য অনুযায়ী, আলমগীর সীমান্ত পাড়ি দেওয়া, অবস্থান পরিবর্তন ও গোপন আর্থিক লেনদেনে ফয়সালকে সহায়তা করছিলেন। ভারতীয় আদালতের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে দুই আসামিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার আইনি প্রস্তুতি চলছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে ইঙ্গিত পাওয়া গেছে।
ঢাকা মহানগর পুলিশ বলছে, ফয়সালকে দেশে ফেরত আনতে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রত্যর্পণ আবেদন দ্রুত পাঠানো হবে। তাকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করলে পরিকল্পনা, মদদদাতা এবং অর্থের উৎসসহ হত্যাকাণ্ডের পর্দার আড়ালের নেপথ্য চিত্র আরও স্পষ্ট হবে বলে আশা করছে তদন্ত কর্মকর্তারা। এদিকে হাদি হত্যার ঘটনায় যারা এখনও পলাতক রয়েছে, ফয়সালের গ্রেপ্তারের পর তাদেরকেও আইনের আওতায় আনার প্রক্রিয়া জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।