ইরানি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত আল-ধাফরা বিমানঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ইরানি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিমানঘাঁটির আগাম সতর্কতা সংকেত ব্যবস্থা এবং ফায়ার কন্ট্রোল রাডারগুলোতেও আঘাত হেনেছে ইরানি ড্রোন।

এই হামলার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা ও সামরিক স্থাপনাগুলো বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে। আল-ধাফরা বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর একটি, যেখানে মার্কিন বিমানবাহিনী ও মিত্র দেশগুলোর সামরিক সম্পদ মোতায়েন রয়েছে।

ইরানের পক্ষ থেকে এই হামলাকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার জন্য ক্ষমা চাইলেও পরবর্তী ঘটনাবলি ইঙ্গিত করছে যে রেভল্যুশনারি গার্ডের ওপর রাজনৈতিক নেতৃত্বের নিয়ন্ত্রণ সীমিত।

এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।