আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, “আমরা হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেব না। তবে এর নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট জাহাজকেই নিতে হবে।”
তবে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “জায়নবাদী সত্ত্বা (ইসরায়েল) ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত কোনো জাহাজ হরমুজ প্রণালি পার হতে গেলে সেটাকে নিশানা করা হবে।” এই ঘোষণা বিশ্ববাণিজ্যে নতুন অস্থিরতা সৃষ্টি করেছে।
আল-জাজিরার তথ্য অনুযায়ী, ৩৯ কিলোমিটার দীর্ঘ এই প্রণালি পারস্য সাগর ও ওমান সাগরকে যুক্ত করেছে। বিশ্বের জ্বালানি তেলের এক-ষষ্ঠাংশ এবং এলএনজির এক-তৃতীয়াংশ এই পথ দিয়ে পরিবহন হয়। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আগ্রাসন ও ইরানের পাল্টা জবাবের কারণে প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের জ্বালানি সরবরাহের পাঁচ ভাগের এক ভাগ ঝুঁকিতে পড়েছে।
ভোরটেক্সা ও কেপলারের তথ্যমতে, সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে ২৪টি জাহাজ চলাচল করত। কিন্তু ১ মার্চ এ সংখ্যা নেমে এসেছে মাত্র ৪-এ। বর্তমানে প্রায় ৩০০টি তেলবাহী ট্যাঙ্কার প্রণালির ভেতরে আটকা পড়ে আছে।
গত সপ্তাহে ইরান ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজকে প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। নতুন বক্তব্যে চীনের জাহাজের বিষয়ে কোনো উল্লেখ না করে শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জাহাজকে লক্ষ্য করে সতর্ক করা হয়েছে।