অন্তর্বর্তী সরকারের বিদেশি চুক্তিতে আমাদের সঙ্গে আলোচনা হয়নি: বিরোধীদলীয় নেতা

নিজ সংবাদ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত আন্তর্জাতিক চুক্তিগুলো নিয়ে দলের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।

শুক্রবার (৬ মার্চ ২০২৬) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, “বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।”

তিনি আরও উল্লেখ করেন, “আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে, সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি।”

ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, “এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।”

অন্যদিকে, নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি দাবি করেছেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ নির্বাচনের আগেই প্রধান দুটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে কথা বলেছে এবং তারা এতে সম্মতি দিয়েছিলেন। তিনি বলেন, “এমন না যে এ চুক্তি আমরা অন্ধকারে রেখেছি।”

জামায়াত আমিরের এই পোস্ট নতুন করে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত বৈদেশিক চুক্তি ও সিদ্ধান্তগুলোর স্বচ্ছতা ও বৈধতা নিয়ে বিভিন্ন দলের মধ্যে মতপার্থক্য এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে।