ইরান-মধ্যপ্রাচ্য সংঘাতের জের: ঢাকা থেকে ৭ দিনে ২৪৫ ফ্লাইট বাতিল, আজও ৩৩টি বন্ধ

নিজ সংবাদ:

ইরান-মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলের সংখ্যা দ্রুত বাড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ শুক্রবার (৬ মার্চ ২০২৬) পর্যন্ত মাত্র সাত দিনে মোট ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজও বিভিন্ন এয়ারলাইন্সের অন্তত ৩৩টি ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানসহ একাধিক দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ফ্লাইট পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে। এর প্রভাব সরাসরি পড়েছে ঢাকার বিমানবন্দরে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, দিনভিত্তিক বাতিলের সংখ্যা: ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি। আজ শুক্রবার বাতিল হওয়া ৩৩টি ফ্লাইটের মধ্যে রয়েছে—কাতার এয়ারওয়েজ ৪টি, কুয়েত এয়ারওয়েজ ৪টি, জাজিরা এয়ারওয়েজ ৪টি, এয়ার অ্যারাবিয়া ৬টি, এমিরেটস ৪টি, ইউএস-বাংলা ৫টি, গালফ এয়ার ২টি এবং ফ্লাইদুবাই ২টি।

যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকে বিকল্প রুট বা অন্যান্য সময়ের ফ্লাইটের অপেক্ষায় রয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনগুলোতেও ফ্লাইট বাতিল অব্যাহত থাকতে পারে।