রাষ্ট্রপতি প্রতিষ্ঠান, সংসদকে শক্তিশালী করে জাতির প্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজ সংবাদ:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সাংবিধানিক বিধান রয়েছে।

শুক্রবার (৬ মার্চ ২০২৬) গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই সংসদকে স্মরণীয় করে রাখতে চাই। জাতির এই সংসদের কাছে প্রত্যাশা অনেক বেশি। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের যে স্বপ্ন ও প্রত্যাশা ছিল, তা পূরণ করতে হলে জাতীয় সংসদকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর করে গড়ে তুলতে হবে।”

তিনি বিরোধী দলের ডেপুটি স্পিকার পদ নিয়ে উদারতার কথা উল্লেখ করে বলেন, “বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার কোনো বিধান নেই। আমরা উদারতা দেখিয়েছি। জামায়াতের উচিত এই উদারতাকে স্বাগত জানানো এবং গ্রহণ করা।”

কর্মশালায় সংসদীয় কার্যক্রম, রীতিনীতি ও দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে নতুন সংসদকে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানোর দৃঢ় প্রতিশ্রুতি ফুটে উঠেছে। আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনকে সফল করতে দলীয় এমপিরা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।