জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজ সংবাদ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জামায়াতের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান, জামায়াতের ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্ট ইফতেখার আহমেদ চৌধুরী এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম। এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকটি উভয় পক্ষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের পরিচয় বহন করে। পল কাপুর বর্তমানে বাংলাদেশ সফররত রয়েছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারি ও বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এই সাক্ষাৎ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ধারাবাহিকতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার মার্কিন নীতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।