লুট হওয়া অস্ত্র উদ্ধারে ব্যর্থতায় সরকারকে জবাব দিতে হবে: হাইকোর্টের রুল

নিজ সংবাদ- ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয় থেকে লুট হয়ে যাওয়া বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, আইজিপি ও র‍্যাব মহাপরিচালককে।

রিটে বলা হয়েছে, গণমাধ্যমের তথ্য অনুযায়ী গণঅভ্যুত্থানের সময় ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়। সরকার পুরস্কার ঘোষণা করলেও এখনো উল্লেখযোগ্য অংশ উদ্ধার হয়নি। এই অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় জননিরাপত্তা চরম ঝুঁকিতে। আবেদনে উল্লেখ, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের জীবন রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। এই মৌলিক অধিকার নিশ্চিত করতে অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ চাওয়া হয়েছে। আদালত সরকারকে ৪ সপ্তাহের মধ্যে উদ্ধারের অগ্রগতি, গৃহীত পদক্ষেপ এবং কেন আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না—তা জানাতে বলেছেন। রুলে জননিরাপত্তা রক্ষায় দ্রুত পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়েছে। এই রুল জারির পর জনমনে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।