নিজ সংবাদ:
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণে বড় সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যারা পূর্ববর্তী বিধি অনুযায়ী টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছেন, তারা নতুন জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) অনুযায়ী উচ্চতর গ্রেড পাওয়ার অধিকারী হবেন—এই মর্মে আগের রায় বহাল রেখেছে আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ অর্থ মন্ত্রণালয়ের দাখিলকৃত রিভিউ আবেদন খারিজ করে দেন। ফলে পূর্ববর্তী উচ্চ আদালতের রায়টিই চূড়ান্ত ও কার্যকর বলে গণ্য হলো। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। রিটকারীদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, নতুন পে-স্কেলে উচ্চতর গ্রেড প্রদান নিয়ে অর্থ মন্ত্রণালয় রিভিউ আবেদন করে। দীর্ঘ শুনানির পর আপিল বিভাগ আজ সেই আবেদন খারিজ করে দেন। এর ফলে টাইম স্কেল বা সিলেকশন গ্রেডপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উচ্চতর গ্রেড প্রাপ্তির পথ আরও সুগম হয়েছে।
সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন। তারা বলছিলেন, পুরনো বিধিতে প্রাপ্ত সুবিধা নতুন বেতন কাঠামোতে বাতিল করা হলে তাদের বৈষম্যের শিকার হতে হয়। উচ্চ আদালত এই দাবিকে যৌক্তিক মনে করে রায় দিয়েছিলেন। অর্থ মন্ত্রণালয়ের রিভিউ আবেদন খারিজ হওয়ায় সেই রায় এখন অপরিবর্তনীয়। এই রায়ে লাখ লাখ সরকারি কর্মচারীর আর্থিক সুবিধা নিশ্চিত হলো। সংশ্লিষ্টরা বলছেন, এটি সরকারি চাকরিতে ন্যায়বিচার ও স্বচ্ছতার একটি উদাহরণ।