নিজ সংবাদ:
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রজ্ঞাপন জারির পর থেকে জেলায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। রোববার সন্ধ্যায় প্রজ্ঞাপন জারির পর রাতেই বিক্ষোভ মিছিল হয়। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলে।
জামায়াত, শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা ‘জুলাই যোদ্ধা ও কুষ্টিয়া সর্বস্তরের জনগণ’ ব্যানারে ডিসিকে বহাল রাখার দাবিতে মাঠে নেমেছেন। তাঁরা ইকবাল হোসেনকে “মানবতার ডিসি” আখ্যা দিয়ে বলছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন। সোমবারের মধ্যে তাঁকে বহাল না রাখলে অসহযোগ আন্দোলন, ডিসি অফিসে তালা দেওয়া ও সব কার্যক্রম বন্ধের হুমকি দিয়েছেন।
অন্যদিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ‘কুষ্টিয়ায় মব সন্ত্রাসের বিরুদ্ধে’ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাঁরা বলছেন, ডিসির বদলি সরকারের এখতিয়ার; জামায়াত-শিবির ‘মব’ তৈরি করে বদলি ঠেকানোর চেষ্টা করছে।
কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে তীব্র বিতর্ক চলছে।