রমজানে এক দিনের লালন স্মরণোৎসব: সাধুসঙ্গে মগ্ন বাউল-ফকির, নেই মেলার জৌলুস

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

নিজ সংবাদ: কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে আজ মঙ্গলবার শেষ হচ্ছে একদিনের লালন স্মরণোৎসব। দোলপূর্ণিমা তিথিতে প্রতিবছর তিন দিনব্যাপী উৎসব হলেও এবার রমজান উপলক্ষে তা সংক্ষিপ্ত করা হয়েছে। মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়ে শুধু বাল্যসেবা, পূর্ণসেবা ও সাধুসঙ্গকে ঘিরে বাউল-ফকিরদের আধ্যাত্মিক আসর চলছে। গতকাল সোমবার সন্ধ্যায় অষ্টপ্রহরব্যাপী গুরুকার্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ সাধুসঙ্গ আজ বাল্যসেবা ও পূর্ণসেবার মধ্য দিয়ে শেষ হচ্ছে।

উৎসবের উদ্বোধন করেন লেখক ও চিন্তক ফরহাদ মজাহার। তিনি বলেন, লালন একাডেমিতে গবেষণা ও চর্চার ঘাটতির কারণে লালনের বাণী নিয়ে অপপ্রচার হচ্ছে, যা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে ঠেলে দিচ্ছে। কুষ্টিয়াকে আধ্যাত্মিক সাধনার নগরী হিসেবে গড়ে তুলতে হবে বলে তিনি মত দেন।

মূল আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাশিদজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. ইকবাল হোসেন।

আখড়াবাড়িতে বাউল-ফকিররা ভাগ হয়ে লালনের গান ও সাধুসঙ্গে মগ্ন। তবে এবার উপস্থিতি কম, নেই আগের জৌলুস। জেলা প্রশাসক জানান, রমজানের কারণে সংক্ষিপ্ত হলেও শান্তিপূর্ণভাবে উৎসব চলছে।