বিনোদন ডেস্ক:
ব্যক্তিগত বিষয়ে নিজের মতামত প্রকাশে বরাবরই স্পষ্টভাষী অভিনেত্রী নীনা গুপ্তা। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে অস্বস্তিকর প্রশ্ন এবং শরীর নিয়ে কটাক্ষের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি। বিয়ে, ওজন ও অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে করা প্রশ্নেরও নিজের মতো করে জবাব দিয়েছেন অভিনেত্রী।
‘নিউজ১৮’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নীনার কাছে জানতে চাওয়া হয়, কেউ যদি তাকে প্রশ্ন করেন, ‘আপনি কবে বিয়ে করছেন?’—তাহলে তার প্রতিক্রিয়া কী হবে। জবাবে নীনা বলেন, “আমি তোমার বাবার টাকায় খাই না। তোমার সমস্যা কী? তুমি বিয়ে করেছো কিনা?”
এ ধরনের ব্যক্তিগত প্রশ্নে যে তিনি বিরক্ত হন, তা স্পষ্ট করেন নীনা। ওজন বেড়েছে কি না কিংবা তিনি অন্তঃসত্ত্বা কি না—এমন প্রশ্নেরও মুখোমুখি হয়েছেন তিনি।
অভিনেত্রী জানান, একবার শাড়ি পরার সময় কোমরের কাছে পোশাকটি একটু ভারী দেখাচ্ছিল। এরপরই অনেকে তার শরীর নিয়ে নানা মন্তব্য শুরু করেন এবং অন্তঃসত্ত্বা কি না জানতে চান। নীনা বলেন, তার বয়স ৬০—এমন প্রশ্ন তাকে যথেষ্ট বিরক্ত করেছিল।
এমন পরিস্থিতিতে বিরক্ত হয়ে একসময় নিজের টিমকে সবাইকে জানিয়ে দিতে বলার কথাও ভেবেছিলেন তিনি, যাতে মানুষ তাকে আর বিরক্ত না করে। শরীর নিয়ে কটাক্ষের শিকার অন্য নারীদেরও এমন মন্তব্যের জবাবে “আমি অন্তঃসত্ত্বা” বলে দেওয়ার পরামর্শ দিয়েছেন নীনা।
এদিকে নেটফ্লিক্সের ‘চুম্বক’ সিরিজে অভিনয় করছেন নীনা গুপ্তা। মুম্বাইয়ের ‘চুম্বক কলোনি’কে ঘিরে নির্মিত পারিবারিক কমেডি সিরিজটিতে তার সঙ্গে অভিনয় করেছেন সুমিত ব্যাস, অর্জুন বিজলানি, দেবেন ভোজানি, সুমিত রাঘবন, দেলনাজ ইরানি ও আমাইরা দস্তুরসহ অনেকে।
