কুষ্টিয়ায় নাইট ফুটবলে চ্যাম্পিয়ন আলোর কাফেলা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

সম্রাট ইসলাম \ কুষ্টিয়ায় নাইট ফুটবল টুর্নামেন্টকে ঘিরে জমে উঠেছে উৎসবের আমেজ। মাঠের চারপাশে দর্শকদের ভিড়, বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। চেঁচুয়া যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকার চেঁচুয়া রিলায়েন্স মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেয় মোট ৩২টি দল। দীর্ঘ প্রতিযোগিতার পর গতকাল শুক্রবার ফাইনালে মুখোমুখি হয় আলোর কাফেলা স্পোর্টিং ক্লাব ও নেপোলিয়ান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে লড়াই করে। একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচে তৈরি হয় প্রচণ্ড উত্তেজনা। তবে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। টাইব্রেকারে ২-০ গোলে নেপোলিয়ান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলোর কাফেলা স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। চ্যাম্পিয়ন ও রানার্সআপ—দুই দলের জন্যই পুরস্কার হিসেবে ছিল একটি করে খাসি। চেঁচুয়া যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মিজানুর রহমান জানান, “তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এমন আয়োজন।” চ্যানেল ২৪-এর কুষ্টিয়া প্রতিনিধি এবং জগতি এলাকার বাসিন্দা শরিফ বিশ্বাস বলেন, “বর্তমানে তরুণদের একটি বড় অংশ মোবাইল ফোনে আসক্ত। তাই তাদের মাঠমুখী করতে খেলাধুলার এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেঁচুয়া জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ শরিফ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাসানুর রহমান, জগতি পুলিশ ক্যাম্পের এসআই মো. হাসানুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠের চারপাশে জড়ো হন শত শত দর্শক। প্রিয় দলের খেলা উপভোগ করার পাশাপাশি এমন আয়োজনকে সাধুবাদ জানান তারা। খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা আয়োজক ও দর্শকদের।