মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

লিওনেল মেসির ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের পর নতুন যুগে প্রবেশ করেছে আর্জেন্টিনা। ২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল মেসির। দীর্ঘ সেই অধ্যায়ের পর এবার আলবিসেলেস্তের নেতৃত্বেও এসেছে বড় পরিবর্তন। নতুন অধিনায়ক করা হয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, রোমেরোকে অধিনায়ক করার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। গত বিশ্বকাপের আগেই তাকে তৃতীয় অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়েছিল। তখন মেসি ও নিকোলাস ওতামেন্দির পরের অবস্থানে ছিলেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। বিশ্বকাপের পর দুজনই জাতীয় দল থেকে বিদায় নেওয়ায় এবার তার হাতেই উঠেছে অধিনায়কের আর্মব্যান্ড।

অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকোর মতো খেলোয়াড়দের টপকে রোমেরোর ওপর আস্থা রেখেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। বেলগ্রানো একাডেমি থেকে উঠে আসা এই ডিফেন্ডার এখন মাঠের পাশাপাশি ড্রেসিংরুমেও নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব অবশ্য রোমেরোর জন্য নতুন নয়। ৫৮ ম্যাচে এরই মধ্যে তিনবার আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন তিনি। প্রথমবার গত বছর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ে অধিনায়ক ছিলেন। এরপর অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং সর্বশেষ গত মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও নেতৃত্ব দেন তিনি।

সেপ্টেম্বরের প্রীতি ম্যাচ দিয়েই পূর্ণকালীন অধিনায়ক হিসেবে রোমেরোর নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তবে ২০২৭ সাল পর্যন্ত স্ক্যালোনি দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে তার চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে।