আন্তর্জাতিক ডেস্ক:
তিন দিনের সফরে শুক্রবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে তিনি ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে পালাম বিমানবাহিনী ঘাঁটিতে পৌঁছালে পুতিনকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বাইরে কোনো ব্রিকস সম্মেলনে পুতিনের এটিই প্রথম সরাসরি অংশগ্রহণ।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় মোদি ও পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের বিষয় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়া ও ভারত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের উন্নয়ন নিয়ে কাজ করছে। মস্কো এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাকি চালান সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সু-৫৭ যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাব নিয়েও আলোচনা চলছে।
পেসকভ আরও জানান, দুই দেশের জ্বালানি সহযোগিতা অত্যন্ত শক্তিশালী। ভারতে নতুন বেসামরিক পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা নিয়েও দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে মোদি-পুতিন বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা গুরুত্ব পেতে পারে। বিভিন্ন পক্ষ যুদ্ধ বন্ধে নতুন করে সমাধানের পথ খুঁজছে। গত সপ্তাহে বিশকেকে এসসিও সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়েছিল। সেখানে মোদি ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানান।
এর আগে সর্বশেষ ২০২৫ সালের ডিসেম্বরে ভারত সফর করেছিলেন পুতিন। এবারের সফরে দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
