অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন: খোকন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল আইনজীবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

প্রধান বিচারপতির এজলাস ছেড়ে যাওয়ার ঘটনা নিয়ে অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার খোকন বলেন, “অ্যাটর্নি জেনারেল! হু ইজ হি হেয়ার?” তিনি বলেন, সুপ্রিম কোর্ট বারের সভাপতি হিসেবে তিনি আইনজীবীদের প্রতিনিধিত্ব করেন এবং আইনজীবীদের কথা বলবেন, পাশাপাশি প্রধান বিচারপতির কাছে বিচারপতিদের বিষয়েও কথা বলবেন।

অ্যাটর্নি জেনারেলের এ বিষয়ে কোনো ভূমিকা আছে কি না—এমন প্রশ্নও তোলেন তিনি। খোকন বলেন, “হি ইজ ইররেলেভেন্ট! তার বক্তব্যই ইররেলেভেন্ট! হি ইজ নোবডি ইন আওয়ার ডিসকাশন, ইন আওয়ার ডিমান্ড।” তার বক্তব্যকে তিনি অনভিপ্রেত বলেও মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল একসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারি ছিলেন উল্লেখ করে খোকন বলেন, “উনি কীভাবে আইনজীবীদের বিরুদ্ধে অবস্থান নেন? আই অ্যাম সারপ্রাইজড, শকড অ্যান্ড সারপ্রাইজড!”

এর আগে ৮ সেপ্টেম্বর তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি খোকনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা এজলাস ত্যাগ করেন।