হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ শ্যোন অ্যারেস্ট

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাইম হাওলাদার (১৭) হত্যা ও তারেক চৌকিদার হত্যাচেষ্টা মামলায় পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ডেমরা জোনের সাব-ইনস্পেক্টর নাজিম উদ্দিন ফকির আদালতে দেওয়া আবেদনে জানান, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার বাম কাঁধের সামনের দিকে গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওই দিনই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে যাত্রাবাড়ী এলাকায় বাসার ছাদে গুলিবিদ্ধ হন আরেক শিক্ষার্থী তারেক চৌকিদার। তারেককে হত্যাচেষ্টার মামলাতেও আ স ম ফিরোজের যোগসাজশ রয়েছে বলে তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়েছে।

আদালতকে তদন্ত কর্মকর্তা জানান, আ স ম ফিরোজ বর্তমানে যাত্রাবাড়ী থানার অন্য একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। নাইম হত্যা মামলার রহস্য উদঘাটন, অন্য আসামিদের গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

এর পরিপ্রেক্ষিতে আদালত তাকে নাইম হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এর আগে ২০২৪ সালের ২৩ আগস্ট রাজধানীর বনানী থেকে আ স ম ফিরোজকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।