বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে এক ব্যক্তির মৃত্যু

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

রাজধানীর শাহবাগে বারডেম জেনারেল হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে রাসেল হাসপাতালের সিঁড়ি দিয়ে ১৬ তলার ছাদে ওঠেন। সেখানে তিনি পরপর তিনটি সিগারেট পান করেন এবং কয়েকবার নিচের দিকে তাকান। কিছুক্ষণ পর তিনি ছাদ থেকে নিচে লাফ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ পেয়ে রমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে রাত সাড়ে ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম উল ইসলাম জানান, নিহত রাসেল মাদকাসক্ত ছিলেন। তিনি কোনো কাজ করতেন না এবং এর আগে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

পুলিশ জানায়, মাদক গ্রহণ ও পারিবারিক কলহের কারণে বেশ কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে রাসেলের বিবাহবিচ্ছেদ হয়। তাদের ১১ বছর বয়সী একটি সন্তান রয়েছে। রাসেলের বাড়ি রাজধানীর কদমতলীতে।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক অশান্তি ও স্ত্রীকে হারানোর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাসেল। এ কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।