জীবননগরে বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

চুয়াডাঙ্গার জীবননগরে একটি বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দিনভর বাজার এলাকায় ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধের সূত্র ধরে রাতে মরদেহটির সন্ধান পাওয়া যায়।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার উথলী বাজারপাড়ায় রেলস্টেশনসংলগ্ন একটি বদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রবিউল ওই এলাকার সালাম মোল্লার ছেলে।

স্থানীয় ব্যবসায়ীরা সন্ধ্যার পর থেকেই একটি ঘর থেকে দুর্গন্ধ ছড়ানোর বিষয়টি নিয়ে সন্দেহ করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে দরজা ভেঙে রবিউলের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ভাষ্য, রবিউল সম্প্রতি মাদকাসক্ত হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি মায়ের সঙ্গে থাকলেও গত কয়েক মাস ধরে ওই ঘরে একাকী বসবাস করছিলেন। কয়েক দিন ধরে ঘরটি থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল।

জীবননগর থানার পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, মরদেহের বেশিরভাগ অংশ পচে-গলে গেছে এবং পোকা ধরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে রবিউল আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।