স্লো ওভার রেটে বাংলাদেশের নারী ক্রিকেটারদের জরিমানা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এবার ধীর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নির্ধারিত সময়ে এক ওভার কম শেষ করায় নিগার সুলতানা জ্যোতির দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

দুবাইয়ে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনালে ওঠার প্রথম সুযোগ হারায় বাংলাদেশ। ফলে গ্রুপপর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগ্রেসদের।

আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ধীর ওভার রেটের কারণে বাংলাদেশ দলের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি জি. এস. লক্ষ্মী এই শাস্তির আদেশ দেন।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে ন্যূনতম ওভার রেট পূরণে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। বাংলাদেশ এক ওভার পিছিয়ে থাকায় এই শাস্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিজের দলের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচের দুই অন-ফিল্ড আম্পায়ার বৃন্দা রাঠি ও হুমাইরা ফারাহ, তৃতীয় আম্পায়ার সালিমা ইমতিয়াজ এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান বাংলাদেশের বিরুদ্ধে ধীর ওভার রেটের অভিযোগ আনেন।