নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মামলা

চার্টার্ড বিমানকে ‘খেলনা’ বলায়

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

বিনোদন ডেস্ক:

চার্টার্ড বিমানকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় আইনি বিপাকে পড়েছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। বিমান সংস্থার মানহানি ও ব্যবসায়িক ক্ষতির অভিযোগে তার বিরুদ্ধে ৩ কোটি টাকার সিভিল মানহানির মামলা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডুন্স অ্যাভিয়েশন’ আহমেদাবাদের গান্ধীনগর আদালতে নোরার বিরুদ্ধে এ মামলা করেছে। মামলাটির শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে সেসনা সাইটেশন সিজে-২ উড়োজাহাজে ওঠার সময় নোরা ফাতেহি কয়েকটি ভিডিও ধারণ করেন। পরে প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী থাকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওগুলো প্রকাশ করেন। সেখানে বিমানটিকে খেলনা বা ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন তিনি।

ডুন্স অ্যাভিয়েশনের দাবি, নোরার মন্তব্য ছিল দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন। এর ফলে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষতিও হয়েছে। সংস্থাটি আরও দাবি করেছে, সংশ্লিষ্ট উড়োজাহাজটি তার শ্রেণির একটি মানসম্মত বিমান।

এ ঘটনায় গত এপ্রিলে গান্ধীনগরের আদালতে মামলা করা হয়।

‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো গানের মাধ্যমে জনপ্রিয় নোরা সম্প্রতি একটি কন্নড় গানের অশালীন কথার কারণেও সমালোচনায় পড়েছিলেন। পরে ভাষাটি না বোঝার ব্যাখ্যা দিয়ে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেন তিনি।