নিজ সংবাদ:
রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রীর তারেক রহমানের নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে গাড়িবহরের সামনে ঢুকে পড়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মোটরসাইকেলচালক মুহিবুল্লাহ মুবিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান আসামি মুহিবুল্লাহ মুবিনকে আদালতে হাজির করেন। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তিনি।
রিমান্ড আবেদনের ওপর শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন শুনানি করেন। তিনি আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রিমান্ড মঞ্জুরের আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে মুবিনের জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত মুহিবুল্লাহ মুবিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার ও পুলিশের ভাষ্য অনুযায়ী, গত শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সামনে নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়েন মুবিন। গাড়িবহরে প্রবেশের পরপরই তাকে আটক করে পুলিশ।
পরে এ ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আদালতের আদেশের পর মুবিনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় তার প্রবেশের উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
