মার্কিন জাহাজে হামলা হলে ইরানের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালালে দেশটির তেলবাহী ট্যাংকার ধ্বংস ও ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সময়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন বিমানবাহী রণতরি ও একটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। তবে ইরানের এ দাবি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের বক্তব্য উদ্ধৃত করে হেগসেথ এ হুঁশিয়ারি দেন। কুপার বলেন, মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে আরও বড় অর্থনৈতিক মূল্য দিতে হবে।

হেগসেথ বলেন, বিষয়টি খুবই সহজ—ইরান যদি মার্কিন জাহাজে গুলি চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের তেলবাহী ট্যাংকার ধ্বংস ও ডুবিয়ে দেবে। তাঁর ভাষ্য, ইরানকে শুধু মার্কিন নৌবাহিনীর ওপর গুলি না চালালেই হবে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলার শিকার একটি ট্যাংকার ছিল ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে।

ঘটনাগুলো ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।