নিজ সংবাদ:
উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ কর্মসূচি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। এর অর্ধেক ব্যাংকঋণ এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে দেওয়া হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়িত হবে।
কর্মসূচির আওতায় তফসিলি ব্যাংকগুলো তাদের শাখার মাধ্যমে উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করবে। ব্যবসায়িক ধারণা ও প্রকৃত অর্থের প্রয়োজন যাচাইয়ের পর দেওয়া হবে অর্থায়ন। ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৪ থেকে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ জন্য কোনো সহায়ক জামানত প্রয়োজন হবে না।
ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থ সুদবিহীন ঋণে রূপান্তরিত হবে এবং ঋণটি প্রচলিত নিয়মে খেলাপি হিসেবে বিবেচিত হবে। ফলে সংশ্লিষ্ট উদ্যোক্তা পরবর্তী সময়ে ঋণ পাওয়ার যোগ্যতা হারাবেন।
আবেদনকারীকে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক ও সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে। আবেদনের শেষ তারিখে বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছর। ব্যবসার পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়, তবে বাস্তবসম্মত ব্যবসায়িক ধারণা থাকতে হবে।
প্রাথমিকভাবে আট বিভাগের আট জেলার ৬৪ উপজেলায় কর্মসূচি শুরু হবে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তা নির্বাচিত হবেন। পরবর্তী সময়ে এটি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তখন বছরে প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে।
নির্বাচিত উদ্যোক্তারা অর্থায়নের পাশাপাশি প্রশিক্ষণ, মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা এবং বাজার সংযোগের সহায়তাও পাবেন।
