নিজ সংবাদ:
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মদন পৌরসভার অব্যবস্থাপনা ও দীর্ঘদিন পড়ে থাকা শত শত অব্যবহৃত ডাস্টবিন দেখে অসন্তোষ প্রকাশ করেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচনি এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বাবর। এ সময় মদন পৌরসভা কার্যালয় পরিদর্শনে গিয়ে জরাজীর্ণ পরিবেশ এবং স্তূপ করে রাখা ডাস্টবিন দেখতে পান তিনি।
ডাস্টবিনগুলো কবে পৌরসভায় আনা হয়েছে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ২০২৪ সালে এগুলো পৌঁছেছে। এ কথা শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বাবর বলেন, সরকার পরিবর্তনের দুই বছর পার হলেও মানুষের ব্যবহারের জন্য ডাস্টবিনগুলো উন্মুক্ত করা হয়নি। এতদিন ধরে কেন এগুলো ফেলে রাখা হয়েছে, তা নিয়েও তিনি কর্মকর্তার কাছে জানতে চান।
পরিদর্শনের সময় পৌরসভার একটি কক্ষে ময়লা-আবর্জনার স্তূপ দেখে আরও অসন্তোষ প্রকাশ করেন তিনি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে ভবনের বেহাল দশার কারণ এবং কর্মস্থলে তার উপস্থিতি নিয়ে জবাবদিহি চান সংসদ সদস্য।
পরে দিনভর মদন ও মোহনগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভা করেন বাবর। সভায় তিনি বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তাদের প্রশ্ন করেন এবং উন্নয়নকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
এর আগে মায়ের স্মৃতিতে প্রতিষ্ঠিত হাওরাঞ্চলের নারী শিক্ষাপ্রতিষ্ঠান জুবায়দা রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি। এ সময় স্থানীয় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
হাওরের ইজারা ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি বিষয় উল্লেখ করে ধীরস্থির ও পরিকল্পিতভাবে সমস্যা সমাধানের কথা জানান বাবর। পাশাপাশি সড়কে চাঁদাবাজি ও অনিয়ম কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন।
