ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো

এক দিনে আরও ৫ মৃত্যু

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৭ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১০২ জন।

মৃতদের মধ্যে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া খুলনা বিভাগে ১৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩, ময়মনসিংহে ১০, বরিশালে ৯, চট্টগ্রামে ৭, রাজশাহীতে ৪, ঢাকার দুই সিটির বাইরে অন্যান্য এলাকায় ৩ এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৪১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। দুই সিটির বাইরে ঢাকা জেলার অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন আরও ২৯৮ জন।

এছাড়া খুলনায় ২৪৬, চট্টগ্রামে ১৩৯, বরিশালে ১২১, রাজশাহীতে ১১৪, ময়মনসিংহে ৮৭, রংপুরে ৩৪ এবং সিলেটে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মাসভিত্তিক হিসাবে আগস্টে সর্বোচ্চ ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একই মাসে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। গত বছর এ রোগে চার শতাধিক মানুষের মৃত্যু হয়।