বিনোদন ডেস্ক:
চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি বক্তব্য নিয়ে সাম্প্রতিক সময়ে বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী।
সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনলাইনে পপির গত বছরের একটি সাক্ষাৎকারের অংশবিশেষ ফটোকার্ড আকারে প্রকাশ করা হয়। সেখানে পপিকে বলতে দেখা যায়, ‘যতোটুকু পাপ কামাইছি সব ধুয়ে মুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচবো আল্লাহ খোদার নাম করে যাব।’
বক্তব্যটি প্রকাশের পর অনেকেই ধারণা করেন, পপি চলচ্চিত্রে অভিনয়কে ‘পাপ’ হিসেবে উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে তার সাবেক সহকর্মীদের কেউ কেউ সমালোচনাও করেন।
তবে পরে পপি জানান, তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। গণমাধ্যমকে তিনি বলেন, চলচ্চিত্র তার পেশা ও দ্বিতীয় পরিবার। এই ইন্ডাস্ট্রি থেকেই তিনি উপার্জন করে পরিবার চালিয়েছেন। তাই চলচ্চিত্রকে তিনি পাপ বলবেন কেন—এমন প্রশ্নও তোলেন অভিনেত্রী।
এবার পপির মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ওমর সানী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, পপির কথা যেভাবে সামনে এসেছে, তা ঠিক নয়—যদি তিনি এভাবে বলে থাকেন। ধর্ম ও কর্মকে আলাদা বিষয় হিসেবে দেখার কথাও বলেন তিনি।
সানীর মতে, মাদক ব্যবসা, অবৈধ কর্মকাণ্ড কিংবা অনৈতিক উপায়ে অর্থ উপার্জনকারীদের তুলনায় চলচ্চিত্রের মানুষেরা নৈতিকভাবে অনেক ভালো অবস্থানে রয়েছেন।
পবিত্র মক্কা ও মদিনায় যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহর হুকুম বা ডাক ছাড়া সেখানে যাওয়া সম্ভব নয়। নিজের স্বভাবসুলভ রসিকতায় বিষয়টি নিয়ে মন্তব্যও করেন তিনি।
পোস্টের শেষ দিকে পপিকে এখনো ছোট মানুষ হিসেবে উল্লেখ করে ওমর সানী তার জন্য শুভকামনা জানান এবং লেখেন, ‘ভালো থাকিস পপি।’
