নিজ সংবাদ:
স্থানীয় নির্বাচন সামনে রেখে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য এ সময়ের মধ্যে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ভোটাররা।
বুধবার (২ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, ভোটার স্থানান্তরের আবেদন দাখিলের শেষ সময় ৭ সেপ্টেম্বর। দাখিল করা আবেদন ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু ও নিষ্পত্তির জন্য এ সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ভোটারদের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ইসির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ ও স্থানান্তর কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
