নিজ সংবাদ:
টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান বাজারদর ও বিভিন্ন দরপত্রের মূল্য বিবেচনায় ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে ২০ শতাংশ মুনাফা ও ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে প্রণোদনামূলক মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা।
নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী, যেসব গ্রাহক ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন এবং নিজেদের ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তারা তিন বছর পর্যন্ত এই সুবিধা পাবেন। অর্থাৎ ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে।
তবে নির্ধারিত উৎপাদন ব্যয়ের চেয়ে কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারলে সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট গ্রাহকের লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির পর স্থাপিত সিস্টেমের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না।
বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো গ্রাহকের তথ্য, গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ ও প্রণোদনার হিসাব সংরক্ষণ করবে। প্রণোদনার অর্থ ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হবে, নগদে নয়।
সৌর প্যানেল, ব্যাটারি, ইনভার্টার ও মিটারসহ সব যন্ত্রপাতি নির্ধারিত কারিগরি মানদণ্ড পূরণ করতে হবে। এ বিষয়ে ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার এবং জেলা-উপজেলা পর্যায়ের বিদ্যুৎ কার্যালয় থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।
