বিনোদন ডেস্ক:
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়ন ও অটিজম বিষয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের পরিচালক ও বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান।
বিশেষ শিশুদের শিক্ষা, যত্ন, থেরাপি ও সামগ্রিক বিকাশে অবদানের জন্য ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু অটিজম’ বিভাগে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। শনিবার (২৯ আগস্ট) ঢাকার একটি স্বনামধন্য হোটেলে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ইয়াশা সোবহান বিশেষ শিশুদের শিক্ষা ও যত্নের পাশাপাশি তাদের সক্ষমতা অনুযায়ী বিকাশের সুযোগ তৈরিতে কাজ করছেন। অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং প্রয়োজনীয় সহায়তার সুযোগ বাড়াতেও তিনি কাজ করছেন।
২০১৭ সালে যাত্রা শুরু করা বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বর্তমানে ৬০০-এর বেশি বিশেষ শিশুর শিক্ষা ও বিকাশ নিয়ে কাজ করছে। শিশুদের প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় শিক্ষা, থেরাপি, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
বিশেষ শিশুদের কল্যাণের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায়ও ইয়াশা সোবহানের বিভিন্ন সামাজিক উদ্যোগ রয়েছে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় একটি থ্যালাসেমিয়া নিরাময় সংস্থার কার্যক্রমের সঙ্গে তিনি সম্পৃক্ত। পাশাপাশি সুবিধাবঞ্চিত ব্যক্তি ও পরিবারের আর্থিক সক্ষমতা বাড়াতে বিনা সুদে ক্ষুদ্রঋণ কার্যক্রমের উদ্যোগও রয়েছে তাঁর।
সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের নেতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার উদ্যোগেও যুক্ত রয়েছেন ইয়াশা সোবহান। তাঁর এসব উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও ভূমিকা রাখার কথা জানানো হয়েছে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, থেরাপি, দক্ষতা উন্নয়ন ও সামাজিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে এবারের পুরস্কারকে তাঁর সামাজিক কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।
