মোস্তফা জালাল মহিউদ্দিন ও সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

বিএনপি কর্মী মকবুল হোসেনকে হত্যার অভিযোগে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ও সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। পল্টন মডেল থানায় করা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আসামিদের উপস্থিতিতে মামলাটির শুনানি হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি জানিয়েছেন।

শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক তোফাজ্জল হোসেন আদালতকে বলেন, মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে মোস্তফা জালাল মহিউদ্দিন ও সোলায়মান সেলিমকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি অভিযান চালায়। ওই সময় মহাসমাবেশকে কেন্দ্র করে কার্যালয়ের আশপাশে জড়ো হওয়া বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে বিএনপি কর্মী মকবুল হোসেন নিহত হন।

এ ঘটনায় গত বছরের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ নভেম্বর রাজধানীর গুলশান থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৫ সালের ২০ জানুয়ারি মোস্তফা জালাল মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।