বাবার ছায়া কনিষ্ঠ পুত্র চিরো মেসির পায়ে

ফ্রি-কিকে মুগ্ধ ফুটবল বিশ্ব

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

লিওনেল মেসির বাঁ-পায়ের জাদুকরী ফ্রি-কিক বিশ্বজুড়ে পরিচিত। এবার বাবার সেই ট্রেডমার্ক শটের প্রতিচ্ছবি দেখা গেল তার কনিষ্ঠ পুত্র চিরো মেসির পায়ে। তবে বাবার মতো বাঁ-পায়ে নয়, ডান পায়ের দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে আলোচনায় এসেছে এই খুদে তারকা।

ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, ড্রিমস কাপ টুর্নামেন্টে ইন্টার মায়ামি অনূর্ধ্ব-৮ দলের হয়ে খেলতে গিয়ে ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে পাঠায় চিরো। তার গোলটি ফুটবলপ্রেমীদের মনে করিয়ে দিয়েছে বাবার বিখ্যাত ফ্রি-কিকের কথা।

গোল করার পর সতীর্থদের সঙ্গে উদযাপনের সময় চিরোর জন্য একটি কালো সানগ্লাস নিয়ে আসা হয়। সেটি চোখে দিয়ে দুই হাত ক্রস করে বিশেষ ভঙ্গিতে পোজ দেয় সে। মুহূর্তেই উদযাপনের সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক ভক্তের কাছে চিরোর এই স্টাইল তার বাবা লিওনেল মেসির কিছু পরিচিত মুহূর্তের কথা মনে করিয়ে দিয়েছে।

তবে শুধু একটি গোল নয়, পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে চিরো। ফাইনালে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে। টুর্নামেন্ট শেষে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি আসরের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও নির্বাচিত হয় চিরো।

ইন্টার মায়ামির যুব অ্যাকাডেমিতে চিরোর সঙ্গে তার বড় দুই ভাই থিয়াগো ও মাতেও মেসিও ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছে। ফলে মেসি পরিবারের ফুটবল ঐতিহ্য নতুন প্রজন্মেও এগিয়ে চলেছে।