নিজ সংবাদ:
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি।
রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, অন্য একটি মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত করতে গিয়ে ভিন্ন একটি মামলার কললিস্ট বা সিডিআর পর্যালোচনার সময় সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি সূত্র পাওয়া যায়। নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।
তবে তিনি স্পষ্ট করে বলেন, সাগর-রুনি হত্যা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে না। মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রচলিত বিচারিক আদালতেই সম্পন্ন হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন নতুন পাওয়া তথ্য, আলামত ও সংশ্লিষ্ট উপাত্ত তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তে সহযোগিতা করবে।
গুমের মামলার বিচার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, যেসব গুমের ঘটনা মানবতাবিরোধী অপরাধ আইনের আওতায় পড়ে, সেগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। আর বিচ্ছিন্ন বা একক গুমের ঘটনাগুলোর বিচার প্রচলিত সাধারণ আদালতে পরিচালিত হবে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি খুন হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডটির রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি।
