বিনোদন ডেস্ক:
দেশের নাটক ও সিনেমায় প্রেম-রোমান্সনির্ভর কনটেন্টের আধিক্য নিয়ে আপত্তি তুলে এসব নির্মাণ ও সম্প্রচার বন্ধে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। তবে নোটিশদাতা আইনজীবীর নিজের ফেসবুক পোস্ট ঘেঁটে তার সিনেমা দেখা ও তাজমহল ভ্রমণের বিষয়টি সামনে এসেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
তার ফেসবুক পোস্ট অনুযায়ী, ২০২৫ সালের ৫ আগস্ট তিনি ভারতের রোমান্টিক ড্রামা সিনেমা ‘রাধে শ্যাম’ দেখার কথা জানিয়েছিলেন। একই বছরের ৯ মে হলিউডের রোমান্টিক ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা ‘স্টারডাস্ট’ দেখার বিষয়েও পোস্ট করেন তিনি। এছাড়া ২০১২ সালে মুক্তি পাওয়া অ্যাডাল্ট বা আর-রেটেড সিনেমা ‘দ্য ডিক্টেটর’ দেখার তথ্যও তার পোস্টে রয়েছে। প্রেমের প্রতীক হিসেবে পরিচিত ভারতের তাজমহল ঘুরে এসে সেখানে ছবি পোস্ট করার বিষয়টিও আলোচনায় এসেছে।
এ কারণে প্রেম-রোমান্সের কনটেন্ট বন্ধের দাবি জানানো এই আইনজীবীর ব্যক্তিগত পছন্দ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ কেউ দাবি করছেন, আলোচনায় আসতেই তিনি এমন উদ্যোগ নিয়েছেন। তবে এ বিষয়ে আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনস্বার্থে পাঠানো আইনি নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, সংস্কৃতিবিষয়ক সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে প্রাপক করা হয়েছে।
নোটিশে বলা হয়, প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমার আধিক্য শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্যারিয়ার থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে। পাশাপাশি পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্কের উপস্থাপন পারিবারিক মূল্যবোধ ও সামাজিক নৈতিকতায় নেতিবাচক প্রভাব ফেলছে বলেও দাবি করা হয়েছে।
আইনজীবী সংবিধানের ২১(১), ২৩ ও ৩৯ অনুচ্ছেদ উল্লেখ করে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক কনটেন্ট নির্মাণে প্রয়োজনীয় নির্দেশনার দাবি জানিয়েছেন।
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট করার কথাও জানানো হয়েছে।
