ক্রীড়া ডেস্ক:
টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা ও আর্থিক আকর্ষণের কারণে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্রিকেটারদের কাছে দ্রুত অর্থ উপার্জনের সুযোগ থাকায় অনেকেই এখন টেস্টের বদলে টি-টোয়েন্টিকে অগ্রাধিকার দিচ্ছেন।
চলতি মাসে ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানো বাংলাদেশেরও প্রশংসা করেছেন ওয়াহ। টানা ১১ সেশনে দাপট দেখিয়ে বাংলাদেশের এমন জয়কে তিনি অস্ট্রেলিয়ার জন্য ‘সবচেয়ে বড় সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেন।
টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ওয়াহ বলেন, টি-টোয়েন্টিতে অর্থ বেশি হওয়ায় খেলোয়াড়দের সিদ্ধান্ত নেওয়া কঠিন নয়। তবে ক্রিকেটে নিজের সামর্থ্য যাচাই করতে হলে টেস্ট খেলাই সবচেয়ে বড় পরীক্ষা। তাই খেলোয়াড়দের সিদ্ধান্তকে দোষ না দিয়ে টেস্ট ক্রিকেট টিকিয়ে রাখতে প্রশাসকদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
ওয়াহর মতে, টেস্ট ক্রিকেটের জন্য আলাদা সময় নির্ধারণ করা জরুরি। একই সঙ্গে সব দেশের টেস্ট ক্রিকেটারদের সমান পারিশ্রমিক দেওয়ার পুরোনো প্রস্তাবও বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি। ১৯৯৯ সালে দেওয়া এই প্রস্তাব ২৭ বছরেও বাস্তবায়িত না হওয়ায় হতাশা প্রকাশ করেন ৬১ বছর বয়সী সাবেক এই অধিনায়ক।
টেস্ট ক্রিকেটের ব্যাটিংয়ের ধরন নিয়েও উদ্বেগ জানিয়েছেন ওয়াহ। কঠিন পরিস্থিতিতে দীর্ঘ সময় উইকেটে পড়ে থাকা, মেডেন ওভার সামলানো এবং প্রয়োজন হলে কুৎসিতভাবে রান করার যে ধৈর্য—তা হারিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। তাঁর মতে, টেস্ট ক্রিকেট টিকিয়ে রাখতে এই কঠিন ব্যাটিংয়ের শিল্প আবারও শেখাতে হবে।
