এআই প্রশিক্ষণে বই স্ক্যান করে ধ্বংস করছে অ্যামাজন

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

এআই প্রশিক্ষণের জন্য বিপুলসংখ্যক বই সংগ্রহ করে স্ক্যানের পর সেগুলো ধ্বংস করা হচ্ছে—এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ৪০৪ মিডিয়া। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অ্যামাজনের একটি গুদামে বিপুলসংখ্যক বই সংগ্রহের পর দ্রুত স্ক্যান করার জন্য সেগুলোর বাঁধাই কেটে ফেলা হচ্ছে।

১৭ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে ৪০৪ মিডিয়া জানায়, এআই প্রশিক্ষণে ব্যবহারের জন্য সংগ্রহ করা হয়েছে বলে সন্দেহ করা একটি বিরল বইয়ের গতিপথ অনুসরণ করে সেটিকে লাস ভেগাসের ওই অ্যামাজন স্থাপনা পর্যন্ত পৌঁছাতে দেখা যায়। সেখানে কর্মরত কয়েকজনের ভাষ্য অনুযায়ী, স্ক্যানের আগে বইগুলোর বাঁধাই খুলে ফেলা হয়।

এই প্রক্রিয়াকে বলা হয় ‘ডেস্ট্রাকটিভ স্ক্যানিং’। এতে দ্রুত বই স্ক্যান করে ডিজিটাল ডেটায় রূপান্তর করা সম্ভব হলেও মূল বইটি নষ্ট হয়ে যায়। বিরল ও পুরোনো বইয়ের ক্ষেত্রে এমন পদ্ধতি নিয়ে উদ্বেগ রয়েছে।

এআই প্রশিক্ষণে বই ব্যবহারের বিষয়টি নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে অ্যানথ্রপিকের ‘প্রজেক্ট পানামা’ নামে একটি গোপন প্রকল্পের কথা উঠে আসে, যেখানে বিপুলসংখ্যক বই ধ্বংস করে স্ক্যান করার পরিকল্পনার অভিযোগ ছিল।

এরপর মেটা, গুগল, মাইক্রোসফট ও ওপেনএআইয়ের বিরুদ্ধেও বই ও কপিরাইট ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে। ফলে এআই প্রশিক্ষণে কপিরাইটযুক্ত বই ব্যবহারের পদ্ধতি নিয়ে প্রযুক্তি ও প্রকাশনা জগতে বিতর্ক আরও তীব্র হয়েছে।

তবে ৪০৪ মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজন এর আগে ‘ডেস্ট্রাকটিভ স্ক্যানিং’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।