বিনোদন ডেস্ক:
দ্বিগুণ আনন্দে ভাসছেন বলিউড অভিনেতা আদিত্য সিল ও অভিনেত্রী আনুশকা রঞ্জন। যমজ কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন এই তারকা দম্পতি। গত ২৩ আগস্ট তাদের জীবনে এসেছে দুই নতুন অতিথি।
সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়ে নবজাতক দুই মেয়ের নামও প্রকাশ করেছেন তারা। দুই কন্যার নাম রাখা হয়েছে—বীরা রঞ্জন সীল ও মাহী রঞ্জন সীল। এ উপলক্ষে একটি বিশেষ কার্ড প্রকাশ করেন আদিত্য ও আনুশকা, যেখানে দুই শিশুর নাম ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।
নতুন সদস্যদের আগমনে নিজেদের ‘প্রচণ্ড উত্তেজিত’ পরিবার হিসেবে উল্লেখ করেছেন তারা। সন্তানদের উদ্দেশে আদিত্য লিখেছেন, দুই ছোট্ট সদস্য তাদের জীবন আরও উজ্জ্বল করে তুলেছে এবং তাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ।
চলতি বছরের শুরুতে মাতৃত্বকালীন ফটোশুটের ছবি প্রকাশের মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন আনুশকা। পরে নিজেদের ইউটিউব চ্যানেলে মা হওয়ার পথচলার নানা অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।
আনুশকা জানান, সন্তান নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে তারা আইভিএফ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। এ সময় তাকে প্রায় ১৫০টি ইনজেকশন নিতে হয়েছিল। কঠিন এই সময়ে স্বামী আদিত্যের কাছ থেকে নিয়মিত সহযোগিতা পেয়েছেন বলেও জানান তিনি।
২০২৩ সাল থেকেই পরিবার শুরু করার পরিকল্পনা করেছিলেন তারা। পরে আনুশকার বোন আকাঙ্ক্ষা রঞ্জনের পরামর্শে চিকিৎসকের শরণাপন্ন হন।
আদিত্য ও আনুশকার প্রথম পরিচয় ২০১৭ সালের ২৬ জুন। একটি অনুষ্ঠানে তাদের দেখা হয়, যা পরবর্তী সময়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়। কয়েক বছর প্রেমের পর ২০২১ সালের নভেম্বরে মুম্বাইয়ে বিয়ে করেন তারা।
এবার যমজ কন্যাসন্তানের আগমনে তাদের সংসারে যুক্ত হলো আনন্দের নতুন অধ্যায়।
