প্রতারণা মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

বিনোদন ডেস্ক:

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তার জামিন মঞ্জুর করেন। তানজিন তিশার আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানী ও নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন তানজিন তিশা। হেঁটে সিঁড়ি দিয়ে পাঁচতলায় আদালতে ওঠেন তিনি। বেলা ১১টা ২২ মিনিটে বিচারক এজলাসে আসার পর আসামি ও বাদীপক্ষের বক্তব্য শোনেন। শুনানির সময় উভয় পক্ষের আইনজীবীরা উচ্চ স্বরে কথা বলেন। পরে শুনানি শেষে আদালত তানজিন তিশার জামিনের আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা করবেন এবং মূল্য পরিশোধ করবেন—এমন প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। তবে পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় অ্যাপোনিয়ার প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন।

মামলার পর বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। সম্প্রতি ডিবি তদন্ত প্রতিবেদন জমা দিলে আদালত তা আমলে নেন এবং তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবার সেই মামলাতেই শুনানি শেষে তিনি জামিন পেলেন।