প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

রবিবার, আগ ২, ২০২৬

নিজ সংবাদ:

প্রবাসীদের নতুন পাসপোর্ট ও পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গণমাধ্যমে প্রবাসীদের পাসপোর্ট আবেদন দীর্ঘদিন ঝুলে থাকার খবর প্রকাশের পর জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) রিট আবেদন করে। শুনানি শেষে আদালত ৬০ দিনের মধ্যে সব মুলতবি আবেদন নিষ্পত্তি এবং ৯০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এছাড়া প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং কেন দ্রুত আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হবে না—এ মর্মে চার সপ্তাহের রুল জারি করা হয়েছে।

আদালত আরও নির্দেশ দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ২১ দিনের মধ্যে দেশের সব হাইকমিশন ও দূতাবাসে চিঠি পাঠিয়ে নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দ্রুত পাসপোর্ট অধিদপ্তরে পাঠানোর ব্যবস্থা করবে। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদনও জমা দিতে হবে।

রিটে কেবিনেট সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে মিলিয়ে মোট ১৪ জনকে বিবাদী করা হয়েছে। আদালতের এ নির্দেশে দীর্ঘদিন ধরে পাসপোর্টের অপেক্ষায় থাকা প্রবাসীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।