চেক ডিজঅনার মামলায় সাহেদের এক বছরের কারাদণ্ড

রবিবার, আগ ২, ২০২৬

নিজ সংবাদ:

২৩ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে তাকে চেকের সমপরিমাণ অর্থদণ্ডও করা হয়েছে। রোববার (২ আগস্ট) আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

আইনজীবী জানান, গত ৩ মে সাহেদের অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায়ের বিষয়ে অবগত না থাকায় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। পরে সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এদিন জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের ২৬ জুলাই বাহার ট্রেডার্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী হাফিজ উদ্দিন বাহার ২৩ লাখ ১৮ হাজার ৩৫৮ টাকার চেক ডিজঅনারের অভিযোগে মামলাটি দায়ের করেন। নির্মাণসামগ্রী কেনার মূল্য পরিশোধে দেওয়া ওই চেকটি ২০২০ সালের ৫ মে ব্যাংকে উপস্থাপন করলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। পরে আইনি নোটিশ পাঠিয়েও টাকা না পাওয়ায় মামলা করা হয়।

উল্লেখ্য, করোনাকালে নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির ঘটনায় আলোচিত সাহেদের বিরুদ্ধে অস্ত্র, প্রতারণা ও দুর্নীতিসহ ৩৫টিরও বেশি মামলা রয়েছে। বর্তমানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন।