রাকসুর জিএসকে ঘিরে তিন তদন্ত

এক বছরেও জমা হয়নি দুটি প্রতিবেদন

রবিবার, আগ ২, ২০২৬

নিজ সংবাদ:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারকে ঘিরে ঘটে যাওয়া তিনটি পৃথক ঘটনার তদন্তে গঠিত কমিটির কোনোটি এখনও প্রতিবেদন জমা দেয়নি। এর মধ্যে দুটি কমিটি গঠনের এক বছরেরও বেশি সময় পার হওয়ায় বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে প্রশ্ন উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রথম তদন্ত কমিটি গঠিত হয় গত বছরের ২ জানুয়ারি। পোষ্য কোটা বাতিল আন্দোলনের সময় প্রশাসন ভবনে তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ কমিটি করা হয়। একই আন্দোলনে উপ-উপাচার্যসহ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করার অভিযোগে গঠিত হয় দ্বিতীয় কমিটি। সর্বশেষ গত ২৭ জুলাই দুই শিক্ষার্থীকে মারধর ও হয়রানির অভিযোগে সালাউদ্দিন আম্মার এবং ছাত্রশিবিরের কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তৃতীয় তদন্ত কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, প্রক্রিয়াগত জটিলতা ও বিভিন্ন কারণে তদন্ত শেষ করতে বিলম্ব হচ্ছে। প্রথম কমিটির প্রধান অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, প্রতিবেদন প্রায় প্রস্তুত, আগস্টের মধ্যেই তা জমা দেওয়া হবে। দ্বিতীয় কমিটির প্রধান অধ্যাপক এম ফখরুল ইসলাম বলেন, তদন্ত শেষ হলেও পরে জানানো হয় প্রতিবেদন সিন্ডিকেটে জমা দেওয়ার প্রয়োজন নেই।

সর্বশেষ কমিটির প্রধান অধ্যাপক রেজাউল করিম জানান, সদস্যদের অনুপস্থিতির কারণে কাজ বিলম্বিত হয়েছে। তবে সোমবার থেকে তদন্ত কার্যক্রম আবার শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত তদন্ত শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে।