আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশের: মহাসচিব

রবিবার, আগ ২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানে (আসিয়ান) বাংলাদেশের সদস্য হওয়ার সম্ভাবনা কার্যত নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব কাও কিম হোর্ন। তার ভাষ্য, আসিয়ান চার্টারের ভৌগোলিক শর্ত পূরণ না করায় বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির সদস্যপদ পাওয়ার সুযোগ নেই। সম্প্রতি ম্যানিলায় অনুষ্ঠিত ১০ম আসিয়ান মিডিয়া ফোরামে তিনি বলেন, পূর্ব তিমুরই জোটটির সর্বশেষ সদস্য এবং সদস্য সংখ্যা বাড়ানোর অধ্যায় আপাতত শেষ।

কাও কিম হোর্ন জানান, আসিয়ান চার্টার অনুযায়ী কেবল দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বীকৃত ভৌগোলিক অঞ্চলে অবস্থিত দেশগুলোই সদস্য হতে পারে। ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এবং পাপুয়া নিউ গিনি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত হওয়ায় তারা এই শর্ত পূরণ করে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ বা পাপুয়া নিউ গিনিকে সদস্য করতে হলে আসিয়ান চার্টার সংশোধন করতে হবে। তবে এ ধরনের পরিবর্তনের জন্য জোটের সব সদস্য দেশের সর্বসম্মত সমর্থন প্রয়োজন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বাংলাদেশ আসিয়ানের সদস্যপদের আগ্রহ প্রকাশ করে আসছে। অন্যদিকে ১৯৭৬ সাল থেকে পর্যবেক্ষক মর্যাদায় থাকা পাপুয়া নিউ গিনিও পূর্ণ সদস্য হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বর্তমান নিয়ম অনুযায়ী উভয় দেশের সদস্য হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে স্পষ্ট করেছেন আসিয়ানের মহাসচিব।