দেশের পরিস্থিতিতে ঐক্যের আহ্বান নাহিদ ইসলামের

রবিবার, আগ ২, ২০২৬

নিজ সংবাদ:

বর্তমান দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে তিনি অভিযোগ করেন, দেশে আবারও ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে এবং বিরোধী মত দমনের পুরোনো কৌশল ফিরে এসেছে।

শনিবার (১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সম্প্রীতির জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন, বিচার নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিত, তাহলে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারকে সহযোগিতা করতে তারা প্রস্তুত ছিলেন। এখনো জাতীয় স্বার্থে সব পক্ষের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, পাহাড় ও সমতলের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষের সমন্বয়ে বাংলাদেশ একটি বহুসাংস্কৃতিক, বহুভাষিক ও বহুজাতিক রাষ্ট্র। দেশের ঐতিহ্যগত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, রাষ্ট্রীয় সংস্কার কোনো একক দলের স্বার্থে নয়; বরং তা দেশের জনগণ ও রাষ্ট্রের দীর্ঘমেয়াদি কল্যাণের জন্য। বিচারব্যবস্থা স্বাধীন ও নিরপেক্ষ হলে সাম্প্রদায়িক হামলাসহ সব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি গণহত্যা, গুম-খুন এবং গত ১৬ বছরে সংঘটিত সাম্প্রদায়িক হামলার নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দেশের বর্তমান সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন নাহিদ ইসলাম।